প্রিন্ট এর তারিখঃ Jun 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
মুরাদনগরে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কুমিল্লার যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৮ জুন) মুরাদনগর এলাকায় পরিচালিত এ অভিযানে অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে বিভিন্ন আইন অনুযায়ী জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে মেসার্স বাদল ফুড এন্ড বেভারেজকে অনুমোদনহীন এডিবল জেল (অরেঞ্জ ও স্ট্রবেরি) উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া মেসার্স বি বাড়িয়া বেকারিকে অবৈধভাবে ব্রেড ও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কুট জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয় উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট